
|
পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ:
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২০ রাত
নিউজ ডেস্ক |
পরিবারে শান্তি, নিরাপত্তা ও সুস্থ দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইনসাফ ফাউন্ডেশন। শনিবার রিসালাতুল ইসলাম বিডির মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। পরিবার ও দাম্পত্য জীবনের নানা সমস্যা চিহ্নিত করা, সেগুলোর কারণ বিশ্লেষণ এবং কার্যকরভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। এতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তব কেস বিশ্লেষণ, দলীয় কাজ, প্রশ্নোত্তর ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় ‘ইসলামী পরিবার: আদর্শ দাম্পত্য সম্পর্কের ভিত্তি’, ‘দাম্পত্য কলহ: কারণ, বিশ্লেষণ ও সমাধান’, ‘নারী নির্যাতন: শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও নিরাপত্তা’, ‘কার্যকর প্যারা কাউন্সেলিং: দক্ষতা, ভূমিকা ও সীমারেখা’ এবং ‘কেস থেকে সমাধান: রেফারাল, ফলো-আপ ও মূল্যায়ন’—এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের প্রথম পর্বে আদর্শ দাম্পত্য সম্পর্কের ভিত্তি এবং পরিবারে পারস্পরিক দায়িত্ব ও সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দাম্পত্য কলহের কারণ, সমস্যার ধরন শনাক্তকরণ এবং সম্ভাব্য সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকেরা। নারী নির্যাতন শনাক্তকরণ ও নিরাপত্তার বিষয়টিও কর্মশালায় বিশেষ গুরুত্ব পায়। এ পর্বে নির্যাতনের ধরন চিহ্নিত করা, ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা ও রেফারালের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া প্যারা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সহায়তাকারীর ভূমিকা, যোগাযোগের দক্ষতা, পেশাগত ও নৈতিক সীমারেখা এবং জটিল পরিস্থিতিতে উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে রেফার করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বাস্তব কেসের আলোকে বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে সম্ভাব্য করণীয় নির্ধারণের সুযোগও পান প্রশিক্ষণার্থীরা। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনা, প্রশ্নোত্তর, দলীয় অনুশীলন ও কেস বিশ্লেষণে সক্রিয়ভাবে অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি পারিবারিক ও দাম্পত্য জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও প্রশ্ন করেন। আয়োজকদের মতে, পরিবার ও দাম্পত্য সম্পর্কের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সচেতনতা যথেষ্ট নয়; বাস্তব পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করার দক্ষতাও প্রয়োজন। বিশেষ করে পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ কিংবা নির্যাতনের মতো সংবেদনশীল পরিস্থিতিতে বিষয়টি যথাযথভাবে বোঝা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং উপযুক্ত ক্ষেত্রে রেফারাল নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের বাস্তবভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাদের মতে, পরিবার ও সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ তৈরি করা প্রয়োজন। ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবার, দাম্পত্য সম্পর্ক, নারী নিরাপত্তা ও সামাজিক সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসএইচ/ |