একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ দুপুর
নিউজ ডেস্ক

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শুরু আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) থেকে। এ আবেদনপ্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বোর্ডের ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পুনরায় দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে।

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা জমা দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন/এডিট সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটা নির্ধারণের ক্ষেত্রে কোটার যোগ্যতা বুঝে আবেদন করা এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অনুরোধ করা হয়েছে।

আবেদন করতে পারবেন যারা

যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেননি বা আবেদন করেও কলেজ সিলেকশন পাননি তারা এই দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি এবং যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি তারাও এই দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।

এছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

আইও/