ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১০ বসতঘর
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫০ দুপুর
নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ১৪টি পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ১০টি ঘরে ১৪টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের মিটারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এরপর তা মূহূর্তে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা যার যার মতো করে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১০টি ঘরে বসবাস করা ১৪টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

আইও/