গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে সরকারকে সতর্ক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জনগণের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ না নিলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, কোনো ধরনের পূর্বাভাস না দিয়ে রাতের আঁধারে প্রেসনোটের মাধ্যমে তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। গণপরিবহনের ভাড়া বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যেতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে তেলের দামে ভর্তুকি দেওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি।

দেশের শিল্প ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, গ্যাসের অভাবে মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ বেকার হচ্ছে। সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুফতি রেজাউল করীম। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট। অপরাধ সংঘটিত হওয়ার আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না। এমনকি অপরাধের পর আটক ব্যক্তিরাও টাকার বিনিময়ে জামিনে বের হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এর ফলে দেশে খুন, শিশু নির্যাতন ও নির্মমভাবে শিশু হত্যার ঘটনা বেড়েছে দাবি করে তিনি এ বিষয়েও সরকারকে সতর্ক করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের ১৫টি কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এসএইচ/