জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ দুপুর
নিউজ ডেস্ক

প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 

এর আগে গত ২৩ জুলাই এক শুনানি শেষে মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল। ওইদিন তদন্ত সংস্থাকে তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন (২৩ সেপ্টেম্বর) ধার্য করা হয়।
ট্রাইব্যুনালের ওই আদেশের পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

গত ১৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ শেষে প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাংবাদিকদের জানান, জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরদিনও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছিল।

ওইদিন শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হয়ে সেনা হেফাজতে থাকা মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রোডাকশন ওয়ারেন্ট জারির পর ২৩ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে গ্রেফতার দেখানোর পাশাপাশি পুনরায় তাকে সেনা হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়।

তখন আমিনুল ইসলাম বলেন, ‘গত ১৬ বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর মোজাফফরের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। মোজাফফর হোসেন একাধিকবার পার্শ্ববর্তী দেশে যাওয়া-আসা করেছেন এবং মাসুদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। একজন কর্মরত কর্মকর্তার সঙ্গে একজন পলাতক খুনির এই যোগসাজশ এবং তৎকালীন সরকারের সঙ্গে মাসুদের সুসম্পর্কের সমীকরণ আমরা তদন্ত করছি।’

কেন তাকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘১/১১ থেকে শুরু করে ৫ আগস্টের আগ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতোমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। সেই সময়ে এই আসামির (মোজাফফর) সঙ্গে মাসুদের সংশ্লিষ্টতা ছিল। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তার কোনো যোগসূত্র আছে কি না—এসব উদঘাটনের স্বার্থেই তাকে প্রোডাকশন ওয়ারেন্টে হাজির করার আবেদন করা হয়েছে।’

জানা গেছে, ট্রাইব্যুনালে চলমান এই মামলাটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত। এই মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীও আসামি হিসেবে রয়েছেন।

প্রসিকিউশন জানিয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে মোজাফফরের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শুরু হয়। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাদের মধ্যে যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন।

প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে সামরিক আইনে বিচারিক কার্যক্রম রয়েছে।

আইও/