মদিনায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৪ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস মদিনা মুনাওয়ারা শাখার উদ্যোগে স্থানীয় একটি হোটেলে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস মদিনা মুনাওয়ারা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ মজলিসে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা শাকের আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন আরাফাত মিতুল।

প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীদেরকে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, নিয়মিত কাজ, ইসলামি আদর্শ ও দাওয়াতি কর্মসূচি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি নিজেদের আমল-আখলাক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রবাসের মাটিতেও সংগঠনের দায়িত্বশীলদের পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে সামনে রেখে দ্বীনের দাওয়াত ও সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের বিষয় নয়; বরং অর্জিত জ্ঞানকে ব্যক্তি জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এজন্য নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, আমল-আখলাকের উন্নয়ন এবং সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। 

এসময় প্রশিক্ষণ মজলিসে আরও উপস্থিত ছিলেন মদিনা মুনাওয়ারা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল কাদির, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, বায়তুলমাল সম্পাদক রিয়াজ আহমদ, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ রিফাত, মুহাম্মাদ কবির, অফিস সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম তারেক, মাওলানা তাওহিদুল ইসলামসহ শাখার অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

এসএইচ/