
|
অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের
প্রকাশ:
২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদরাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতারা এ আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এতে দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ খাস কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। বৈঠকে নেতারা বলেন, বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণায় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে দলের সাংগঠনিক সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো জরুরি। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনসাধারণকে স্বস্তি দেওয়ার দাবি জানান নেতারা। তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি করবে। বৈঠকে সাংগঠনিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা শেষে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আইও/ |