
|
হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু
প্রকাশ:
২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এতথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের শাল্লা উপজেলার শুভ্র তালুকদারের সাত মাস বয়সী শিশুসন্তান সাম্য ও একই জেলার তাহিরপুর উপজেলার মাহবুবুল আলমের দুই বছর দুই মাস বয়সী শিশুকন্যা ফারিহা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটে হামের বিশেষায়িত শহীদ সামসুদ্দিন হাসপাতালে ৫৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, রাগিব-রাবেয়া হাসপাতালে ১২ জন, নর্থইস্ট হাসপাতালে সাতজন ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও হবিগঞ্জে ১৫৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সিলেটজুড়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজার জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আইও/ |