
|
ঢাকার যানজট নিরসনে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১০ দাবি
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা মহানগরের ৮ থেকে ১৩টি পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা ঢাকায় প্রবেশ করে সারাদিন কাজ করে সন্ধ্যায় বের হয়ে যায়। এসব গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হলে যানজট কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংগঠনটির সভাপতি এস এম আবু বকর। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের জীবিকা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে যুক্ত। প্রায় সাড়ে তিন কোটি মানুষের যাতায়াতেও এসব যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এমন কথা বলেন। সংবাদ সম্মেলনে বুয়েটের ডিজাইন অনুযায়ী অটোরিকশার আধুনিকায়ন করে নিরাপদ বডি, উন্নত ব্রেকিং সিস্টেম এবং ফিটনেস সার্টিফিকেশন নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনের নেতারা। অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১০ দাবি ১. বুয়েটের ডিজাইন অনুযায়ী অটোরিকশার আধুনিকায়ন করে নিরাপদ বডি, উন্নত ব্রেকিং সিস্টেম এবং ফিটনেস সার্টিফিকেশন নিশ্চিত করতে হবে। ২. সিটি কর্পোরেশন ও বিআরটিএর মাধ্যমে অটোরিকশার বাণিজ্যিক লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট চালু করতে হবে। ৩. চালকদের বাধ্যতামূলক ট্রাফিক প্রশিক্ষণ দিয়ে বিশেষ ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড প্রদান করতে হবে। ৪. প্রতিটি অটোরিকশা গ্যারেজে ডি-৩ ক্যাটাগরির বৈধ বিদ্যুৎ সংযোগ ও স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে হবে। ৫. অটোরিকশায় বৈধ বিদ্যুৎ সরবরাহ ও রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে এবং পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারে উৎসাহিত করতে হবে। ৬. প্রধান সড়কে অটোরিকশার জন্য পৃথক ‘লো-স্পিড লেন’ বা সার্ভিস লেন এবং প্রয়োজনীয় স্থানে ক্রসিং ও ওভারপাসের ব্যবস্থা করতে হবে। ৭. হাইওয়ে-সংযুক্ত প্রধান সড়কের বাম পাশে প্লাস্টিক বা কংক্রিট ডিভাইডার দিয়ে অটোরিকশার জন্য পৃথক লেন তৈরি করতে হবে। ৮. অটোরিকশাকে সড়ক পরিবহন আইনের আওতায় এনে নিবন্ধন, লাইসেন্স ও ট্রাফিক আইন প্রয়োগের পূর্ণাঙ্গ আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। ৯. বিদ্যমান ৮ জোনভিত্তিক ব্যবস্থাপনা বাতিল করে ডিএনসিসি ও ডিএসসিসিভিত্তিক ব্যবস্থাপনা চালু করতে হবে এবং ঢাকায় সর্বোচ্চ ৫ লাখ অটোরিকশার লাইসেন্স বা সিলিং নির্ধারণ করতে হবে। ১০. অটোরিকশা মালিক ও শ্রমিকদের হয়রানি, চাঁদাবাজি ও ডাম্পিং বন্ধ করতে হবে এবং সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দাবি আদায়ে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বলে জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সাইদুল মোল্লা ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। আইও/ |