
|
বিশ্বজয়ী হাফেজদের অনুষ্ঠানে ‘নেক্সাস’ বই উপহারের প্রতিবাদ জমিয়তের
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বিশ্বজয়ী হাফেজে কুরআনদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ (Nexus) বই উপহার দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। একই সঙ্গে সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে এসব কথা বলেন নেতৃবৃন্দ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে এমন একটি ধর্মীয় ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত একজন লেখকের বই উপহার হিসেবে দেওয়া অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক। এতে অনুষ্ঠানের ধর্মীয় আবহ ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা আরও বলেন, সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য নিয়েও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে সংবেদনশীল সাংবিধানিক ও ধর্মীয় বিষয়ে দায়িত্বশীল, পরিমিত ও বিভ্রান্তিমুক্ত বক্তব্য প্রত্যাশিত। কোনো বক্তব্যে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ভুল বার্তা সৃষ্টি হলে তা অনাকাঙ্ক্ষিত। জমিয়ত নেতারা বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এ দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, কুরআন-সুন্নাহর প্রতি শ্রদ্ধা ও ইসলামী মূল্যবোধকে বিবেচনায় রেখেই রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা উচিত। বিশেষ করে কুরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠানের মতো ধর্মীয় আয়োজনে সংশ্লিষ্টদের আরও বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া জরুরি। বৈঠক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংবিধান ও ধর্মীয় বিষয়ে দায়িত্বশীল ও পরিমিত বক্তব্য দেওয়ারও আহ্বান জানান নেতৃবৃন্দ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা সলীমুল্লাহ, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন, মুফতি মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা জুবায়ের আহমাদ, মাওলানা মুবাশ্বির আহমদ, মাওলানা রেজাউল করিম দরবস্তী, মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। আইও/ |