
|
নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল
প্রকাশ:
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নেপালের ত্রিশূলী এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে। সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধি ও জমিয়তনেতা মাওলানা রায়হান উদ্দিন এবং ছাত্র জমিয়তনেতা হাফিজ জামিল আহমদ পাঁচ দিনের বিশেষ সফরে নেপাল গিয়ে বন্যার্তদের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। গত ১৫ সেপ্টেম্বর নেপালে পৌঁছান তারা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান নেপাল জমিয়তের সহসভাপতি মাওলানা শফিকুর রহমান ক্বাসিমীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সফরের প্রথম দিন বাদ মাগরিব কাঠমান্ডুতে জমিয়ত কমপ্লেক্সে নেপাল জমিয়তের সভাপতি ও দেশটির সংসদ সদস্য মাওলানা খালিদ সিদ্দিকী এবং মহাসচিব মুফতি শামীম ক্বাসিমীসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন মাওলানা রায়হান উদ্দিন ও হাফিজ জামিল আহমদ। বৈঠকে বন্যাকবলিত এলাকায় সহায়তা কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় নেপাল জমিয়তের তত্ত্বাবধানে এবং ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ত্রিশূলীর বন্যাবিধ্বস্ত কয়েকটি এলাকায় সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দেড় শতাধিক অসহায় ও গৃহহীন মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি জরাজীর্ণ একটি মসজিদ, একটি অস্থায়ী মাদ্রাসা ও একটি বৈকালিক মক্তব সংস্কারের জন্যও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
সফরকালে নেপালের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কল্যাণে দীর্ঘমেয়াদি সহায়তা কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কয়েকটি অস্থায়ী মসজিদ, মক্তব ও দাওয়াহ সেন্টারের জন্য জমি ক্রয়, ভবন নির্মাণ এবং বই-পুস্তক সরবরাহসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে নেপালের সাবেক কৃষিমন্ত্রী ইকবাল আহমদ শাহ এবং বাংলাদেশ দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ড. মোস্তফা আহমদের সঙ্গে বিশেষ মতবিনিময় ও পরামর্শ করেন সফররত প্রতিনিধিদলের সদস্যরা।
সফরসংশ্লিষ্টরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি নেপালের মুসলিম সম্প্রদায়ের জন্য স্থায়ী ও টেকসই কল্যাণমূলক কার্যক্রম পরিচালনাই এ সফরের অন্যতম লক্ষ্য। আইও/ |