লন্ডন জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার উদ্যোগে কাতিয়া মাদরাসার মুহতামিম, শায়খে কাতিয়া রহ.-এর বড় ছেলে ও হজরত ফেদায়ে মিল্লাত রহ.-এর খলিফা হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান। শাখার সেক্রেটারি সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায় সভায় বক্তারা মরহুমের ইলমি ও দ্বীনি খেদমত, আখলাক ও আমলের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ. পদ-পদবির প্রতি অনাসক্ত, মুখলিস ও আল্লাহওয়ালা একজন বুযুর্গ ছিলেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের প্রতি বিশেষভাবে যত্নশীল ছিলেন। তাঁর পিতা আশিকে মাদানি রহ. মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রহ.-এর সুন্নতি আমল ও আদর্শ তিনি নিজের জীবনে ধারণ করেন এবং অন্যদেরও তা অনুসরণের প্রতি উৎসাহিত করতেন।

আলোচনা সভায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইউকে জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, শায়খে কাতিয়া রহ.-এর উত্তরসূরি মাওলানা ইউসুফ আমিনী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী, কেন্দ্রীয় জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ওমান শাখার সভাপতি মাওলানা রশীদ আহমদ, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল হালীম সাতবাকী এবং সেক্রেটারি মাওলানা জাহেদ নাসির।

এ ছাড়া লন্ডন মহানগর জমিয়তের উপদেষ্টা মাস্টার আব্দুর রউফ, সহ-সভাপতি হাফিজ জিয়াউদ্দীন, হাফিজ রশীদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক মুফতি ওলিউর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ-প্রচার সম্পাদক মাওলানা জাবির হুসাইন, ওয়েলফেয়ার সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শায়খে কাতিয়ার সুযোগ্য নাতি মাওলানা নোমান আহমদ, হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর বড় ছেলে মাওলানা মুবাশ্বির আহমদ ও মেঝো ছেলে মাওলানা মুদ্দাসির আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর রূহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

এসএইচ/