
|
মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য (এমপি) মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসংগতির বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাখ্যা দিয়েছে তিনি ও তাঁর দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও এমপি মাহবুবা হাকিম ফেস দ্য পিপলকে জানান, হলফনামায় থাকা তথ্যটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ‘মিথ্যা তথ্য’ বা তথ্য গোপনের ঘটনা নয়; বরং নোটারি ও হলফনামা তৈরির সময় হওয়া অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ও তথ্যগত ভুল। এর আগে দেশের এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করলেও মাহবুবা হাকিমের হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘এমএলএম, ব্যারিস্টার এট ল’ উল্লেখ করা হয়েছে। এ নিয়ে তাঁর সংসদ সদস্য পদ নিয়ে আইনি প্রশ্নও তোলা হয়। ফেস দ্য পিপলকে দেওয়া বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সাধারণত হলফনামা নোটারি ও টাইপ করার সময় আগের একটি ড্রাফট বা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করা হয়। ওই ড্রাফট নিয়ে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত কপি-পেস্টের মাধ্যমে আগের তথ্য রয়ে গেছে। মামুনুল হক বলেন, হলফনামার সঙ্গে সহায়ক নথি হিসেবে মাহবুবা হাকিমের প্রকৃত শিক্ষাগত যোগ্যতার সনদই জমা দেওয়া হয়েছিল। সনদে তাঁর বুটেক্সের ডিগ্রির তথ্য স্পষ্ট থাকার পরও শিক্ষাগত যোগ্যতা গোপন করার কোনো উদ্দেশ্য থাকার কথা নয়। তিনি আরও বলেন, একটি অনিচ্ছাকৃত ভুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি নিয়ে কোনো আইনি জটিলতা তৈরি হলে তা মোকাবিলায় তার দল প্রস্তুত রয়েছে। তিনি বলেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং একটি স্বীকৃত উচ্চতর পেশাগত ডিগ্রি। এই অনাকাঙ্ক্ষিত অসংগতিকে ‘তথ্যগত ভুল’ বলা গেলেও ‘মিথ্যা তথ্য’ বলা অনুচিত, কারণ এর পেছনে কোনো অসততা বা প্রতারণার উদ্দেশ্য ছিল না। মাহবুবা হাকিম বলেন, বিষয়টি এককভাবে কারও ওপর চাপানো বা শুধু দলের দোষ হিসেবে দেখার সুযোগ নেই। দলের দায়িত্বশীল ব্যক্তিদের ওপর মনোনয়নসংক্রান্ত কাগজপত্র প্রক্রিয়াকরণের দায়িত্ব ছিল। তবে পূর্ব অভিজ্ঞতার অভাব ও তাড়াহুড়ার কারণে নিজের পক্ষ থেকেও বিষয়টি আরও গভীরভাবে যাচাই করা উচিত ছিল বলে স্বীকার করেন তিনি। তবে মাহবুবা হাকিমের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার তথ্য বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে আগে থেকেই উল্লেখ রয়েছে। এসএইচ/ |