
|
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ২০২৬ সালের দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে নরসিংদীর দুটি কেন্দ্রের ১১ শিক্ষককে ২০২৭ সালের কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বুধবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহাম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাস্তির আওতায় আসা কেন্দ্র দুটি হলো মনোহরদী-২ (কেন্দ্র কোড-১৪২) এবং নরসিংদী সদর উপজেলার নরসিংদী-২ (বাবুরহাট) (কেন্দ্র কোড-১৩৬)। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোহরদী-২ কেন্দ্রের ছয় শিক্ষক হলেন—মনতলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. বাকিউল ইসলাম, পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্য ও একই মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ, সিনিয়র মৌলভী মো. মফিজ উদ্দিন, লাখপুর কাছিমুল উলুম কামিল মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক হাবিবা মন্টি, হরিনারায়ণ জামেউল উলুম ফাজিল মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক মো. বিল্লাল হোসেন এবং সর্বলক্ষণা আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক মোসাম্মৎ সুরাইয়া বেগম। অন্যদিকে নরসিংদী-২ (বাবুরহাট) কেন্দ্রের পাঁচ শিক্ষক হলেন—পৌলানপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মজিবুর রহমান, পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্য ও একই মাদরাসার সহকারী অধ্যাপক মো. সুলতান মাহমুদ, গদাইচর আলিম মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক লুৎফর রহমান সাজন, দীঘিরপর দাখিল মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক জালাল উদ্দিন এবং পৌলানপুর ফাজিল মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক কামাল হোসাইন। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কয়েকটি কেন্দ্র থেকে উত্তরপত্রের ওএমআর শিটের ‘টপ পোরশন’ অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে পাঠানো হয়। এতে উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে এবং এটি পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী। কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্য এবং কেন্দ্রসচিবদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এমনটি ঘটেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মাদরাসা শিক্ষা বোর্ডের ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ ঘটনায় তালিকাভুক্ত মোট ১৪০ জন শিক্ষককে ২০২৭ সালের কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এসএইচ/ |