হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৬ দুপুর
নিউজ ডেস্ক

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শফিকুল মিয়া বাড়ির পাশের পাউকাটা হাওরে হাঁসের খামার দেখাশোনা করতে যান। পরে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।

আইও/