
|
‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মক্কা-মদিনার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে হামলা-পাল্টা হামলার পরিবর্তে সংলাপ, আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাওলানা মামুনুল হক। সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে একটি ড্রোন প্রতিহত করার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি হুতিদের ছিল এবং মক্কার দিকে যাচ্ছিল। তবে হুতিরা এ অভিযোগ অস্বীকার করেছে। ফলে ঘটনার উৎস ও উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে পার্থক্য রয়েছে। মাওলানা মামুনুল হক বলেন, মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা সমগ্র মুসলিম উম্মাহর পবিত্র স্থান। এসব স্থানের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করা সব মুসলমানের দায়িত্ব। মক্কা-মদিনাকে কোনো রাজনৈতিক বা সামরিক সংঘাতের অংশ করা গ্রহণযোগ্য নয়। আমিরে মজলিস বলেন, ‘মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে কোনো রাজনীতি হতে পারে না। পবিত্র স্থানগুলোর নিরাপত্তাকে সবার আগে রাখতে হবে।’ এ বিষয়ে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ নয়, ঐক্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে মাওলানা মামুনুল হক সংশ্লিষ্ট সব পক্ষকে সংযমের আহ্বান জানান। তিনি বলেন, হামলা ও পাল্টা হামলার পরিবর্তে সংলাপ, আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের সমাধান করতে হবে। যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি সাধারণ মানুষের হয় বলেও উল্লেখ করেন তিনি। মাওলানা মামুনুল হক আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং সংঘাত আরও বাড়িয়ে তোলার পরিবর্তে শান্তিপূর্ণ ও সমাধানমূলক পথ বেছে নেবে। পারস্পরিক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার প্রত্যাশাও জানান তিনি। উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের দাবি, ড্রোনটি হুতিদের এবং মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগে সেটি ধ্বংস করা হয়। তবে হুতি কর্মকর্তারা মক্কা বা কোনো ধর্মীয় স্থানে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। মাওলানা মামুনুল হক তার পোস্টের শেষে মক্কা-মদিনা ও সমগ্র মুসলিম উম্মাহর নিরাপত্তা এবং মুসলিম বিশ্বে শান্তির জন্য দোয়া করেন। আইও/ |