সিলেটে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের একটি খেত থেকে আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আসিদ আলী নিখোঁজ ছিলেন। স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করা হয়।

নিখোঁজের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই সজল চন্দ্র দাশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বৃদ্ধের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি খেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর লাশ দেখতে পান তারা।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, আসিদ আলীকে হত্যা করে লাশ জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়ে থাকতে পারে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইও/