স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২০ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি সরকারের মধ্যেও অনীহা দৃশ্যমান। শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এখন নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় নানা ধরনের আইন ও রীতির কথা বলা হচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিতে চায়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। মানুষের ক্ষমতা মানুষের নির্বাচিত প্রতিনিধির কাছে ফিরিয়ে দিতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে। নতুন সরকার গঠনের পর কাজ গুছিয়ে নেওয়ার জন্য যে সময় প্রয়োজন, তা বর্তমান সরকার পেয়েছে। এখন আর আগের সরকার বা আগের রেজিমের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সভায় দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ/