
|
আজ রাতে শেষ হচ্ছে জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধন
প্রকাশ:
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতভিত্তিক ‘জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’-এ নিবন্ধনের সময় আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টায় শেষ হচ্ছে। আগ্রহী অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ প্রতিযোগিতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক প্রতিযোগী নিবন্ধন করেছেন। আয়োজকরা জানান, নিবন্ধনকারীদের বড় একটি অংশ কওমি মাদরাসার শিক্ষার্থী। তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়ের সঙ্গে পূর্বনির্ধারিত পরীক্ষার সময় মিলে যাওয়ায় প্রতিযোগীদের সুবিধার্থে পরীক্ষার তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ২৮ আগস্টের মধ্যে প্রথম ধাপে নিবন্ধন করেছেন, তাদের বই ৪ সেপ্টেম্বরের মধ্যে বুকিং করে দেওয়া হবে। আর ২৮ আগস্টের পর দ্বিতীয় ধাপে যারা নিবন্ধন করবেন, তাদের কাছে বই পাঠানো হবে ২২ সেপ্টেম্বর। প্রতিযোগিতার প্রস্তুতি-সংক্রান্ত দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশু-কিশোর, শিক্ষার্থী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞান ও আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার প্রশ্নপত্র তৈরি করা হবে মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে। বইটির আলোকে বিশেষজ্ঞদের একটি টিম মোট ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন তৈরি করবে। নিবন্ধনের জন্য বইয়ের মূল্য ও কুরিয়ার খরচ বাবদ ৩০০ টাকা দিতে হবে। বই কেনার মাধ্যমেই নিবন্ধন চূড়ান্ত হবে। নিবন্ধন সম্পন্ন হলে ‘আমাদের নবীজি’ বইটি কুরিয়ারের মাধ্যমে অংশগ্রহণকারীর ঠিকানায় পাঠানো হবে। পাশাপাশি প্রতিযোগীদের একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে, যেখানে প্রস্তুতি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। এ প্রতিযোগিতায় মোট ৭৫ জন বিজয়ীকে ৫ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার দেওয়া হবে। প্রথম বিজয়ী পাবেন ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। চতুর্থ থেকে ২৫তম স্থান অর্জনকারী ২২ জন পাবেন ২ হাজার টাকা করে। আর ২৬তম থেকে ৭৫তম স্থান অর্জনকারী ৫০ জন পাবেন ৫ হাজার টাকা সমমূল্যের বই। আয়োজকরা জানিয়েছেন, আওয়ার ইসলাম পরিবারের কোনো সদস্য এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। প্রযুক্তিগত ত্রুটি, বিদ্যুৎ, নেটওয়ার্ক বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে কিংবা উত্তর জমা দিতে না পারলে তার দায় কর্তৃপক্ষ নেবে না। প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন কিংবা যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আয়োজক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। যোগাযোগ: ০১৯০২৮৯১৯৯৬ (বিকাশ, নগদ ও হোয়াটসঅ্যাপ) আইও/ |