মাওলানা উসমান ফয়েজীর জানাজা বুধবার বেলা ১১টায়
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৭ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর জানাজা আগামীকাডল বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। মেখল মাদরাসা ময়দানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাওলানা উসমান ফয়েজী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে পেটের একটি পীড়ায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছিলেন।

মাওলানা উসমান ফয়েজীর ছেলে মাওলানা এখলাস ফয়েজী তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে মেখল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসা দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের দীনি শিক্ষা ও ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মাওলানা উসমান ফয়েজী মেখল মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী রহ.-এর ছোট ভাই। আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালের পর মুহতামিম পদ শূন্য হলে এক জরুরি বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে নতুন মুহতামিম নির্বাচিত করা হয়।

তিনি মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহ.-এর ছোট নাতি। পারিবারিকভাবেও তিনি দেশের সুপরিচিত আলেম পরিবারের সদস্য ছিলেন।

তার জানাজায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা, ভক্ত-অনুরাগী ও সর্বস্তরের মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আইও/