ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড ও আতঙ্কিত হয়ে নামতে গিয়ে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে আতঙ্কিত করবেই। এসব হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকে। অনেক সময় জরুরি বহির্গমন পথও সচল থাকে না। ফলে এমন স্থানে অগ্নিকাণ্ড বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করে।

তিনি বলেন, হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এ ঘটনায় কারও অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। তবুও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

আইও/