
|
ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের
প্রকাশ:
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫১ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত বাস্তবায়ন কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে সরকারকে জনগণের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। তিনি বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ। বৈঠকে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া ও প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, যুব মজলিস সভাপতি জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজীজ ও সাবেক সভাপতি মোল্লা খালেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আইও/ |