দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনে শিক্ষার্থীদের বয়স সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ের নিবন্ধনের সময় উল্লিখিত বয়সের সঙ্গে অভিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। ফলে দাওরায়ে হাদিসের নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর বয়স পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে স্থায়ী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনের সময় শিক্ষার্থীর যে বয়স উল্লেখ থাকবে, দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনেও সেই বয়স বহাল থাকবে। দাওরায়ে হাদিসের নিবন্ধনের সময় বয়স পরিবর্তন বা সংশোধন করা যাবে না। এমনকি দাওরায়ে হাদিস পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও নিবন্ধনে উল্লিখিত বয়স অপরিবর্তিত থাকবে।

আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত অনুযায়ী, এ নিয়ম ১৪৪৯ হিজরি শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব বোর্ড, দাওরায়ে হাদিস মাদরাসা ও শিক্ষার্থীদের বিশেষভাবে অবহিত করা হয়েছে।

চেয়ারম্যানের আদেশক্রমে বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইও/