
|
মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা
প্রকাশ:
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জে সাংগঠনিক সফর শেষে ঢাকায় ফেরার পথে রাজধানীর মাতুয়াইল বিশ্বরোড এলাকায় ডাকাত দলের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা। এ সময় অস্ত্রধারীরা গাড়ির দরজা খুলে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন। তিনি জানান, সাংগঠনিক সফর শেষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে মাতুয়াইল বিশ্বরোড এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় কয়েকজন অস্ত্রধারী হঠাৎ তাঁদের গাড়ির কাছে আসে। তারা গাড়ির দরজা খোলার চেষ্টা করে। একপর্যায়ে চালকের পাশের দরজা খুলে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় গাড়িতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা সাঈদুর রহমান ও মাওলানা মুজিবুর রহমান হামিদীও ছিলেন। মাতুয়াইল বিশ্বরোড দিয়ে চলাচলকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, গাড়ির দরজা সব সময় ভেতর থেকে লক করে রাখতে হবে। যানজট কিংবা ফাঁকা রাস্তায় গাড়ির গ্লাস পুরোপুরি নামানো থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে গাড়ি না থামিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। আইও/ |