ফজরের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ফারুক সরদারের
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০১ বিকাল
নিউজ ডেস্ক

বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক সরদার ও রুস্তম আলী মীর দক্ষিণ বিজয়পুর এলাকার একটি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত ইজিবাইক তাঁদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন। আহত রুস্তম আলী মীর সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম রোববার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএইচ/