জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে সরকার পতনের আন্দোলন: আমিরে মজলিস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হলে যেকোনো আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, বিচারব্যবস্থার স্বাভাবিকতা বজায় রাখা ও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বরগুনা টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মুফতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার মাত্র ছয় মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে চরম ধূম্রজাল তৈরি করা হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে যেকোনো আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আরেকটি শেখ হাসিনায়’ পরিণত হতে পারেন বলেও মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, সংবিধান সংশোধন না করলে বিএনপি ও তারেক রহমান ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবেন।

এ সময় পুলিশের রাজনৈতিক রূপ জনগণ আর দেখতে চায় না উল্লেখ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

আইও/