
|
২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন
প্রকাশ:
১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেনশন সফল করতে সার্বিক প্রস্তুতি জোরদার করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মাসিক বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও কনভেনশনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, ‘২৫ সেপ্টেম্বরের জাতীয় যুব কনভেনশনকে ঘিরে সারাদেশের পরিবর্তনকামী যুবকদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। যুব আন্দোলনের প্রতিটি কর্মসূচিই স্বাতন্ত্র্য ও নতুনত্ব নিয়ে হাজির হয়। এবারের জাতীয় যুব কনভেনশনও তরুণ সমাজের সামনে একটি নতুন বার্তা ও নতুন প্রত্যয় নিয়ে হাজির হবে, ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘আমরা এমন একটি যুবসমাজ গড়ে তুলতে চাই, যারা অন্যায়ের কাছে মাথা নত করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা, শ্রম ও যোগ্যতাকে কাজে লাগাবে। পরিবর্তনের জন্য শুধু স্লোগান নয়, প্রয়োজন যোগ্যতা, নৈতিকতা ও আদর্শের সমন্বয়।’ কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, ‘আমরা পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাব’—এই প্রত্যয়কে সামনে রেখে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় যুব কনভেনশন হবে সেই পরিবর্তনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বৈঠকে জাতীয় যুব কনভেনশন সফল করতে সারাদেশে প্রচার-প্রচারণা জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং যুবকদের মধ্যে কনভেনশনের বার্তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবর্তনকামী, সচেতন ও আদর্শপ্রত্যাশী তরুণদের অংশগ্রহণে জাতীয় যুব কনভেনশন একটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ মিলনমেলায় পরিণত হবে। এ কনভেনশন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দেশ ও জাতির কল্যাণে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের পথ সুগম করবে বলে তারা আশা প্রকাশ করেন। বৈঠক শেষে কনভেনশন সফল করতে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বৈঠকে কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমীন, দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম ও অর্থ সম্পাদক কে এম শামিম আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরুদ্দীন, চট্টগ্রাম বিভাগের মুহাম্মাদ তাজুল ইসলাম শাহিন, খুলনা বিভাগের এম এ হাসিব গোলদার, রাজশাহী বিভাগের মাওলানা খালিদ বিন আকবর, বরিশাল বিভাগের মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, সিলেট বিভাগের মুফতি মোস্তাফিজুর রহমান, মোমেনশাহী বিভাগের মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, কুমিল্লা বিভাগের মুফতি একেএম আবদুজ জাহের আরেফী এবং ফরিদপুর বিভাগের মাওলানা এস এম আজিজুল হক বৈঠকে অংশ নেন। এ ছাড়া যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক মুফতী আহমদ আবদুল জলিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মুহাম্মাদ মিজানুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী হাফিজুল হক ফাইয়াজ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুফতী হাবিবুন্নবী ইমন, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীকল্যাণ সম্পাদক আল মিজান মোহাম্মাদ নোহেল এবং উপ-সম্পাদক মাওলানা বদরুল হক, মাওলানা হাম্মাদ বিন মোশাররফ ও মুহাম্মাদ হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন। এসএইচ/ |