পাকিস্তান জামায়াতের আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামী পাকিস্তানের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। জনগণকে স্বস্তি দিতে এবং মূল্যস্ফীতির চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির হাফেজ নাঈমুর রহমান মাওলানা ফজলুর রহমান ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এসব ফোনালাপে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

মাওলানা ফজলুর রহমানের সঙ্গে ফোনালাপে হাফেজ নাঈমুর রহমান বলেন, মূল্যস্ফীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে সব বিরোধী দলের কার্যকরভাবে আওয়াজ তোলা উচিত। এ সময় পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত লেভি নিয়েও তিনি নিজের উদ্বেগের কথা জানান।

জবাবে মাওলানা ফজলুর রহমান পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামী পাকিস্তানের চলমান আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, জনগণকে স্বস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যার মাধ্যমে মূল্যস্ফীতির বোঝা কমানো যায়।

অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিও হাফেজ নাঈমুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জনসাধারণের সমস্যা সমাধানে জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক আন্দোলনের প্রশংসা করেন।

সোহাইল আফ্রিদি বলেন, পেট্রোলিয়াম লেভির বিষয়ে কেন্দ্রীয় সরকারের উচিত জনগণকে স্বস্তি দেওয়া। ইতোমধ্যে মূল্যস্ফীতিতে চাপে থাকা সাধারণ মানুষের ওপর যেন নতুন করে বাড়তি বোঝা না পড়ে, সে বিষয়টি সরকারকে বিবেচনায় নিতে হবে।

রাজনৈতিক নেতাদের এসব টেলিফোন যোগাযোগের পর পেট্রোলিয়াম লেভি ও মূল্যস্ফীতির বিরুদ্ধে বিরোধী দলগুলোর মধ্যে সম্ভাব্য সমন্বয় ও যৌথ আন্দোলন নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এসএইচ/