‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৩ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌরসভার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, বর্তমানে রাষ্ট্রপতির পদটি অনেকটা আলংকারিক বা ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানান তিনি। তার মতে, এর মাধ্যমে দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে এবং কোনো দলীয় বিচারপতি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না।

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সব রাজনৈতিক দল যদি গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে পিছিয়ে যায়, প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিস একাই এ দাবিতে জনগণের দুয়ারে দুয়ারে যাবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মাদুল্লাহ, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল এবং শ্রমিক মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহদী হাসান সিকদার।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আইও/