মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৮ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ঐতিহ্যবাহী জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বার্তায় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, মাওলানা উসমান ফয়েজী ইলমে দ্বীনের খিদমত, তালীম-তারবিয়াত ও দ্বীনি শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দরস থেকে হাজার হাজার শিক্ষার্থী দ্বীনি জ্ঞান অর্জন করে দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে দ্বীনের খিদমত করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রবীণ এই আলেমের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে চিন্তিত। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মাওলানা উসমান ফয়েজীকে শিফায়ে কামিলা ও আজিলা—দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য—দান করেন। তাঁকে সব ধরনের রোগ-ব্যাধি থেকে মুক্তি দিয়ে দ্বীন ও উম্মতের খিদমতের জন্য সুস্থতা ও দীর্ঘ হায়াত নসিব করেন।

আল্লামা খলীল কাসেমী দেশের সব মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-উলামা, দ্বীনদার জনতা ও সর্বস্তরের দেশবাসীর প্রতি নিজ নিজ অবস্থান থেকে মাওলানা উসমান ফয়েজীর দ্রুত সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।

আইও/