
|
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪২ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে দাবি করে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়া এবং সরকারি নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব দাবি জানান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। খেলাফত মজলিসের মরহুম নায়েবে আমীর মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। ড. আহমদ আব্দুল কাদের বলেন, আইন মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম মাধ্যম। মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামী শরিয়াহর বিধান উপেক্ষা করে আইন প্রণয়ন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে অস্থিরতা তৈরি হতে পারে। তিনি বলেন, এ ধরনের আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান থাকলে তা প্রত্যাহার বা সংশোধনের উদ্যোগ নিতে হবে। সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে খেলাফত মজলিস মহাসচিব বলেন, নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক—উভয় ধাপেই এমন কোনো সুযোগ রাখা যাবে না, যা দুর্নীতি, তদবির বা স্বজনপ্রীতিকে উৎসাহিত করে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। সভায় বক্তারা মরহুম মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাকের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি ইসলামী আদর্শ, দ্বীনি দাওয়াত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ছাত্রজীবন থেকেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর নিষ্ঠা, নৈতিকতা ও আপসহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সভায় আরও বক্তব্য দেন দলের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, মরহুমের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসএইচ/ |