জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এ সুযোগ কাজে লাগিয়ে দেশের অন্যতম বড় সমস্যা রোহিঙ্গা সংকটের সমাধানে অগ্রণী ভূমিকা রাখা উচিত। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা ইস্যুর পূর্ণাঙ্গ সমাধান করবেন—এটাই জনগণের প্রত্যাশা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ১৯৭৮ সাল থেকে কয়েক দফায় বিপুলসংখ্যক রোহিঙ্গা জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরবর্তী প্রজন্মসহ তাদের সংখ্যা আরও বেড়েছে। রোহিঙ্গা সংকটের প্রভাব এখন শুধু কক্সবাজারে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সরকারকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা করেন তিনি।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

কে এম শরীয়াতুল্লাহ বলেন, দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে না পারলে সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মূলত ছয় মাসের কার্যক্রম আমাদের আশাহত করেছে।

সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, মুফতী মাওলানা ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুর রহমানসহ নগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আইও/