লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৯ দুপুর
নিউজ ডেস্ক

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী লংমার্চ করেছে। অথচ লংমার্চ শেষে দলটির আমির সংসদে গিয়ে বলেছেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়। লংমার্চের দাবি ও সংসদে দেওয়া বক্তব্যের মধ্যে তিনি দ্বিমুখিতা দেখছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার আলোকে বলতে হয়—জামায়াতে ইসলামী তাদের দলের লোগো থেকে আকিমুদ্দীন কথাটি তুলে ফেলেছে। ফলে সেখানে এখন আর ইসলাম শব্দটিও নেই। তাই জামায়াতকে ইসলামী দল বলাও যায় না।

তিনি বলেন, গত নির্বাচনের ইশতেহারেও জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেনি। বরং সে সময় দলটির আমীর বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবেন না; প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সব মিলিয়ে বলা যায়, জামায়াত এখন আর ইসলামী দল নয়।

জামায়াতের লংমার্চ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমীর বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী লংমার্চ করেছে। অথচ লংমার্চ থেকে ফিরে সংসদে দলের আমীর বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এতো তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে ওয়াদা করেছিল। কিন্তু তারা সেই ওয়াদা রাখছে না। এরই মধ্যে সংসদে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুফতি রেজাউল করীম হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, গত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। এখন ক্ষমতায় এসে এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করা হচ্ছে, জনগণ তা পর্যবেক্ষণ করছে।

এসএইচ/