
|
রাজপুত্রদের কুরআন শেখাতে যে আলেমকে বেছে নিয়েছিলেন বাদশাহ আবদুল আজিজ
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সন্তানদের কুরআন শিক্ষা ও চরিত্র গঠনে কঠোর শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দিতেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ। নিজের সন্তানদের কুরআন শেখানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন বিশিষ্ট আলেম শাইখ আবদুল্লাহ খাইয়াতকে। জ্ঞান, নিষ্ঠা ও দৃঢ়তার কারণে তিনি বাদশাহর আস্থাভাজন ছিলেন। শাইখ আবদুল্লাহ খাইয়াত পরবর্তীতে মসজিদুল হারামের ইমাম শাইখ উসামা খাইয়াতের পিতা হিসেবে পরিচিত হন। রাজপরিবারের সন্তানদের কুরআন শিক্ষার একটি ঘটনা স্মরণ করেছেন প্রিন্স নাওয়াফ বিন আবদুল আজিজ। তিনি জানান, একবার কুরআনের পাঠে ভুল করায় শাইখ আবদুল্লাহ তাকে দাঁড় করিয়ে দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত করিয়েছিলেন। রাজপরিবারের সন্তান হওয়া সত্ত্বেও শিক্ষকের আচরণে কোনো বিশেষ ছাড় ছিল না; অন্য শিক্ষার্থীদের মতো তাকেও শৃঙ্খলার মধ্যেই কুরআন শিখতে হয়েছে। প্রিন্স নাওয়াফের স্মৃতিচারণ থেকে জানা যায়, শাইখ আবদুল্লাহ শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা ও নিয়ম-শৃঙ্খলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতেন। কুরআন শেখার ক্ষেত্রে রাজপরিবারের সন্তানদের জন্যও তিনি একই শিক্ষানীতি অনুসরণ করতেন। বাদশাহ আবদুল আজিজও সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে শাইখ আবদুল্লাহকে একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন। শুরুতে কোমল ও ধৈর্যশীলভাবে সন্তানদের শিক্ষা দিতে বলতেন তিনি। তবে তারা যখন নিয়মিত পড়াশোনায় অভ্যস্ত হয়ে যাবে এবং দায়িত্ব পালনে অবহেলা করবে, তখন প্রয়োজন অনুযায়ী শাসন করার অনুমতিও দিয়েছিলেন। বাদশাহ আবদুল আজিজ শুধু কুরআন মুখস্থ করাকেই যথেষ্ট মনে করতেন না। তিনি সন্তানদের কোরআনের আয়াতের অর্থ ও মর্ম বোঝার প্রতি গুরুত্ব দিতে শেখাতেন। তার শিক্ষা ছিল—কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞান জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ আমল ছাড়া জ্ঞান মানুষের জন্য কাঙ্ক্ষিত উপকার বয়ে আনে না। রাজপরিবারের সন্তানদের কুরআন শিক্ষার এই ঘটনা থেকে সে সময়কার সৌদি রাজপরিবারে ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা ও আমলের ওপর গুরুত্ব দেওয়ার একটি চিত্র ফুটে ওঠে। একই সঙ্গে একজন শিক্ষক কীভাবে রাজপরিবারের সন্তানদেরও সাধারণ শিক্ষার্থীর মতো দায়িত্বশীলতা ও নিয়মের মধ্যে রেখে শিক্ষা দিয়েছেন, তাও এ ঘটনা থেকে স্পষ্ট হয়। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |