
|
জাতীয় ওলামা পরামর্শক কমিটি করছে সরকার
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সংঘাত প্রতিরোধে জাতীয় ওলামা পরামর্শক কমিটি গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মত ও পথের প্রখ্যাত আলেম-ওলামাদের সম্পৃক্ত করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসন এবং সামাজিক সংঘাত প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উপজেলাভিত্তিক গবেষণা ও ইফতা কার্যক্রম বাস্তবায়নের পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রমের পাশাপাশি জাতীয় ওলামা পরামর্শক কমিটি গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে। ধর্মমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ, চরমপন্থা ও সহিংসতা প্রতিরোধ এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখতে সরকারের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা এবং ধর্মের অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনগত ও সচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া জুমার খুতবা, ধর্মীয় আলোচনা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার মাধ্যমে শান্তি, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সংসদকে জানান ধর্মমন্ত্রী। এদিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, চলতি অর্থবছরে ৭ কোটি টাকা জাকাত সংগ্রহ হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫৯ লাখ টাকা সরকারি জাকাত ফান্ডে রয়েছে বলে তিনি জানান। ধর্মমন্ত্রী বলেন, জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ রয়েছে। সংসদে ধর্মমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ধর্মীয় বিষয়ে সঠিক পরামর্শ, বিভ্রান্তি নিরসন ও সামাজিক সম্প্রীতি জোরদারে আলেম-ওলামাদের আরও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী জাতীয় ওলামা পরামর্শক কমিটি গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। আইও/ |