মধুপুর মাদরাসায় হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ দুপুর
নিউজ ডেস্ক

‘সন্তানের হাতে কুরআন দিন, জীবনকে নূরে ভরিয়ে দিন’ স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ক্ষুদে শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার রাজনগরে অবস্থিত জামি'আ মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়।

জামি'আ ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার নূরানী মক্তব বিভাগের (অনাবাসিক শাখা) দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এই অভিভাবক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুরের পীর সাহেব ও মাদরাসার সভাপতি মাওলানা আব্দুল হামিদ।

সরেজমিনে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল হাতের লেখা দেখতে ভিড় করেছেন অভিভাবক ও দর্শনার্থীরা। ২০১০ সালে যাত্রা শুরু করা এই অনাবাসিক মক্তব শাখায় বর্তমানে ৫৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল বা ব্যবহারিক শিক্ষা প্রদর্শনী। এতে কোমলমতি শিশুরা জানাজার নামাজ, জুমার নামাজ এবং দুই রাকাত নামাজের প্রায় ষাটটি মাসআলা হাতে-কলমে প্রদর্শন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা জানান, পড়াশোনার পাশাপাশি এমন ব্যবহারিক শিক্ষা শিশুদের মেধা ও মনন বিকাশে দারুণ ভূমিকা রাখছে। সুন্দর হাতের লেখা এবং সাবলীল উপস্থাপনা দেখে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
দিনব্যাপী এই আয়োজনের শেষাংশে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদরাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ করে তুলতেই এই ধারাবাহিক আয়োজন করা হয়ে থাকে।

আইও/