আফগানিস্তানে তেল অনুসন্ধানে সৌদি কোম্পানির বড় বিনিয়োগ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কুশক তিরপুল তেলক্ষেত্রের অনুসন্ধান ও উত্তোলনে সৌদি আরবের ডেল্টা ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে চুক্তি করেছে দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়। চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে সাতটি গ্যাস ব্লকের অনুসন্ধান ও উত্তোলনে ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি প্রতিষ্ঠানটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) আফগান সরকারের তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়ামমন্ত্রী হাজি মোল্লা হেদায়াতুল্লাহ বদরি, আফগানিস্তান ব্যাংকের গভর্নর নূর আহমদ আঘা, ইসলামি আমিরাত আফগানিস্তানের মুখপাত্র মোল্লা জাবিহুল্লাহ মুজাহিদ এবং সৌদি আরবের ডেল্টা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী শাহের আল-তাকি উপস্থিত ছিলেন। এছাড়া আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ প্রতিনিধি জালমাই খলিলজাদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ডেল্টা ইন্টারন্যাশনাল প্রথম ধাপে কুশক তিরপুল তেলক্ষেত্রের সাতটি গ্যাস ব্লকের অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বা ২০ কোটি ডলার বিনিয়োগ করবে।

আফগানিস্তানের খনিজ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ধারাবাহিকতায় এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে দেশটির জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আইও/