ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৮:৩১ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ল’ রিসার্চ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইসলামি ও আরবি বিষয়ে গবেষণায় আগ্রহী স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

১০ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের গবেষণার মৌলিক পদ্ধতি, গবেষণা প্রবন্ধ রচনার কৌশল, প্রকাশনা প্রক্রিয়া এবং গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল) প্রণয়নের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মোহাম্মদ নাছের উদ্দিনের সঞ্চালনায় এবং সেন্টারের জেনারেল সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী শাহাদাত কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কোর্সের সমন্বয়কারী ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী শাহাদাত কবীর বলেন, ইসলামি জ্ঞানচর্চায় গবেষণা পদ্ধতির দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সমসাময়িক আর্থ-সামাজিক বাস্তবতায় ইসলামের প্রয়োগ, নতুন জ্ঞান সৃষ্টি এবং একাডেমিক গবেষণায় মানসম্পন্ন প্রবন্ধ, এমফিল ও পিএইচডি অভিসন্দর্ভ রচনায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ইসলামি গবেষণা, প্রশিক্ষণ ও প্রকাশনায় ল’ রিসার্চ সেন্টার দেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। সেন্টার থেকে প্রকাশিত ‘ইসলামী আইন ও বিচার’ জার্নাল আন্তর্জাতিক মানসম্পন্ন বলে উল্লেখ করে তিনি গবেষকদের এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইসলামি জ্ঞানচর্চা ও গবেষণাকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ইসলামি গবেষণাভিত্তিক উচ্চমানের প্রশিক্ষণ আয়োজন সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের গবেষণা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গবেষকরা এ প্রশিক্ষণ কোর্সকে গবেষণার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ ও দিকনির্দেশনামূলক বলে অভিমত ব্যক্ত করেন।

আইও/