
|
জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর
প্রকাশ:
০৯ জুলাই, ২০২৬, ০৮:৫৪ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের বহুল প্রতীক্ষিত ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ১২ ও ১৩ জুমাদাল আখিরাহ ১৪৪৮ হিজরি, মোতাবেক ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোম ও মঙ্গলবার) এবং ৮ ও ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তারিখ অনিবার্য কারণে স্থগিত হওয়ায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে। দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৭০ বছরে (১৯৫৬–২০২৬) জামিয়া থেকে শিক্ষা সমাপ্তকারী হাফেজ, ক্বারী, আলেম ও মুফতিগণকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দস্তার (পাগড়ি) প্রদান করা হবে। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের অংশগ্রহণে দীনি শিক্ষা, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। মহাসম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জামিয়া ফরিদাবাদের আবনা ও ফুযালাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং জামিয়ার আদর্শ ও ঐতিহ্যকে সুদৃঢ় করার লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের বর্ষভিত্তিক প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সফল বাস্তবায়নে জামিয়ার বর্তমান ও সাবেক সকল ছাত্রকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ, দেশের বিশিষ্ট আলেমে দীন মুফতি আবু সাঈদ, জাতীয় সীরাত কমিটির সভাপতি মুফতি ইমাদুদ্দীন, তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের সদস্য সচিব ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা হাসান জামিলসহ বিভিন্ন বর্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে মহাসম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, মুহিব্বীন, আবনা ও ফুযালায়ে কেরামের দোয়া, সার্বিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে www.abnaefaridabad.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য জামিয়ার আবনা ও ফুযালায়ে কেরামের প্রতি আহ্বান জানানো হয়েছে। আইও/ |