
|
মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার
প্রকাশ:
০৯ জুলাই, ২০২৬, ০৮:৩০ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আগামীকাল শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা মোড়ে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা-১৩ শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ এই জনপদকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া যাবে না। নিরাপদ জনপদ গড়ে তুলতে নাগরিকদের সচেতন, সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। তাদের মতে, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন তার জনপদগুলো নিরাপদ থাকে এবং একটি সমাজ তখনই সমৃদ্ধ হয়, যখন মানুষ ভয়মুক্ত পরিবেশে বসবাস করতে পারে। তাই আইন-শৃঙ্খলার অবনতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেন, মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। জনজীবনের বাস্তব সমস্যাগুলো সামনে এনে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। সমাবেশে দল-মত, পেশা ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঢাকা-১৩ এলাকার সর্বস্তরের নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, সম্মিলিত জনসচেতনতাই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ জনপদ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। আইও/ |