
|
৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট
প্রকাশ:
০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের মদিনায় ৮৪ বছর বয়সী এক ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর জরুরি চিকিৎসা দিয়ে তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের (এসআরসিএ) অ্যাম্বুলেন্স দল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মসজিদে নববীতে জুমার নামাজকে কেন্দ্র করে নেওয়া বিশেষ জরুরি চিকিৎসা ব্যবস্থাপনার অংশ হিসেবে এ ঘটনা ঘটে। রেড ক্রিসেন্টের মদিনা অঞ্চলের অ্যাম্বুলেন্স দল খবর পাওয়ার মাত্র ৫৬ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে চিকিৎসাকর্মীরা ওই নারী হজযাত্রীকে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা ও পুনরুজ্জীবন কার্যক্রম শুরু করেন। একপর্যায়ে তার হৃদস্পন্দন ফিরে আসে। হৃদস্পন্দন ফিরিয়ে আনার পর তাকে আরও চিকিৎসার জন্য বাব জিবরিল স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়। সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববীতে জুমার নামাজকে কেন্দ্র করে বিশেষ জরুরি মোতায়েন পরিকল্পনার আওতায় অ্যাম্বুলেন্স দলগুলো প্রস্তুত রাখা হয়েছিল। দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসা দেওয়ার মাধ্যমে ওই ভারতীয় হজযাত্রীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলটি। সূত্র: হারামাইন আর্কাইভ আইও/ |