
|
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৩ রাত
নিউজ ডেস্ক |
রাজবাড়ীর পাংশা বাজারে ভিমরুলের বাসা পোড়াতে দেওয়া আগুন ছড়িয়ে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাজারের দোকানগুলোতে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, ‘বাজারের পাশের একটি বসতবাড়িতে ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে আমার দুটি দোকানসহ আরো তিনটি দোকানে লাগে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল। জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানের মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে। এসএইচ/ |