
|
রেকর্ডসংখ্যক ৬০ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছেন তিন বছরে
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
গত তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজেদের দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক ইতিহাসে এত পরিমাণে প্রত্যাবাসন বা মানুষের ফিরে যাওয়ার এমন কোনো বড় ঘটনা এর আগে দেখা যায়নি। একই সঙ্গে সব ধরনের প্রত্যাবাসন যেন সম্পূর্ণ স্বেচ্ছায়, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দিয়েছে সংস্থাটি। খবর আনাদোলু এজেন্সির। ফিরে যাওয়া এসব শরণার্থীর সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য ইউএনএইচসিআর প্রকাশ না করলেও, এদের বড় একটি অংশ প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে নিজ দেশে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে। গত জুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান যে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ইসলামাবাদ সরকারের পর্যায়ক্রমিক প্রত্যাবাসন কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪ লাখেরও বেশি আফগান নাগরিক তাদের দেশে ফিরে গেছেন। এ ছাড়া ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, কেবল ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২১ লাখ আফগান ইরান থেকে ফিরে এসেছেন। উল্লেখ্য, ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন এবং পরবর্তীতে বছরের পর বছর চলা সংঘাত ও অস্থিতিশীলতার কারণে লাখ লাখ আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে পাকিস্তানে ৭ লাখ ৭৭ হাজারের বেশি নিবন্ধিত আফগান শরণার্থী বসবাস করছেন, অন্যদিকে অবৈধ শরণার্থীর সংখ্যা ১০ লাখের বেশি বলে ধারণা করা হয়। এসএইচ/ |