দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৩ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে কোনো বিলম্বিত ফি ছাড়াই নিবন্ধনের আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়েছে, ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নির্ধারিত ডিভাইসের সাময়িক প্রাপ্যতা-সংকটের বিষয়টি বিবেচনা করে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার পর্যন্ত নিবন্ধনের আবেদন করা যাবে। এ সময়ের মধ্যে নিবন্ধনের জন্য কোনো বিলম্বিত ফি প্রযোজ্য হবে না।
যেসব মহিলা মাদরাসা এখনো ছাত্রী পরীক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে পারেনি, তাদের বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আল-হাইআতুল উলয়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সংগ্রহে সাময়িক অসুবিধার কারণে যেসব মাদরাসা এখনো ডিভাইস কিনতে পারেনি, তারা ইতোমধ্যে ডিভাইস ক্রয় করা নিকটবর্তী মাদরাসার সহযোগিতা নিয়ে ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করে নিবন্ধন সম্পন্ন করবে। এ জন্য জেলা ভিত্তিক ডিভাইসধারী মাদরাসার তালিকা সংশ্লিষ্ট মাদরাসা অ্যাডমিনদের দেওয়া হয়েছে।
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে সব মহিলা মাদরাসার মুহতামিম, মাদরাসা অ্যাডমিন ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বর্ধিত সময়সীমার সর্বোচ্চ সদ্ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

চেয়ারম্যানের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

এসএইচ/