
|
‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষ প্রার্থী হতে ভয় পান। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৎ ও যোগ্য ব্যক্তিদের সাহস নিয়ে নির্বাচনে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ‘তৃণমূল প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পরে স্থানীয় সরকারব্যবস্থা পড়ে গেছে। এ অবস্থা থেকে স্থানীয় সরকারব্যবস্থাকে উদ্ধার করতে না পারলে তৃণমূলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নিতে হবে। একই সঙ্গে নির্বাচনে পেশিশক্তি, ভয়ভীতি ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার হচ্ছে জনগণের সবচেয়ে কাছের সরকারব্যবস্থা। তাই এখানে সৎ, যোগ্য, আমানতদার ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। জনগণের ভোটাধিকার এবং স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সভায় তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই, প্রার্থীদের যোগ্যতা ও সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদুল আলম সিদ্দিকী এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ। আইও/ |