সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেধাবী তরুণ আলেম, আলোচক ও সমাজসেবক মুফতি মাহমুদ হাসান আরিফ। গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সানাড়পার ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহমুদ হাসান আরিফ ছিলেন মালিবাগ মাদরাসার কৃতী শিক্ষার্থী। পরবর্তী সময়ে তিনি পাকিস্তানের করাচিতে উচ্চতর ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন এবং মুফতি তাকী উসমানীর সান্নিধ্য লাভ করেন। শিক্ষাজীবনে মেধা, বিনয় ও অধ্যবসায়ের কারণে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে প্রিয় শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

তিনি শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারেও অধ্যয়ন করেছেন। সেখানে অবস্থানকালে মুফতি মিজানুর রহমান সাঈদের বিশেষ সান্নিধ্য লাভ করেন। পাকিস্তানের করাচিতে দারুল উলুমে অধ্যয়নকালে নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানীরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শিক্ষাজীবন শেষে দেশে ফিরে মাহমুদ হাসান আরিফ নিজেকে শুধু ধর্মীয় শিক্ষাদান বা খুতবার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি ছিলেন মসজিদের খতিব, গণমাধ্যমের নিয়মিত আলোচক, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্ণধার এবং বিভিন্ন সামাজিক ও উম্মাহকেন্দ্রিক কার্যক্রমের উদ্যোক্তা। রাজধানীর উত্তর রসুলবাগ জামে মসজিদের খতিব ছিলেন। 

ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত মিশুক, বিনয়ী ও বন্ধুবৎসল। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
স্বজনরা জানান, মাহমুদ হাসান আরিফের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর শরীয়তপুরের পণ্ডিতসার এলাকায় ঢালি বাড়ি, বড়ইতলা রোডে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএন/