
|
‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’
প্রকাশ:
০৬ জুলাই, ২০২৬, ১১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৫ জুলাই) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে বিসিক শিল্পনগরীসমূহের অবদান ও বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বিসিক ভবনের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্পায়নকে আরও গতিশীল করতে চলমান ও নতুন প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি বিসিক কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দেন। প্রাপ্ত প্রস্তাবসমূহ পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সিএমএসএমই খাত দেশের কর্মসংস্থান, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কর্মশালায় বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিসিক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের অন্যতম চালিকাশক্তি। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে বিসিক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে সর্বোচ্চ অবদান রাখবে। তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণের মাধ্যমে একটি সমৃদ্ধ, শিল্পায়িত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে বিসিকের কার্যক্রম আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্প সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন। আইও |