
|
হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের
প্রকাশ:
৩০ আগস্ট, ২০২৬, ০৬:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। মন্ত্রী বলেন, হজযাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া একসময় প্রায় ২ লাখ টাকা ছিল। পরে তা কমিয়ে প্রায় ১ লাখ টাকা করা হয়। গত হজে বিমান ভাড়া সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও চলতি বছর ডায়নামিক প্রাইসিংয়ের মাধ্যমে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। ভবিষ্যতে ভাড়া আরও কমানোর পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনার পরিকল্পনা এবং বিভিন্ন রুট পুনরায় চালু বা পূর্ণাঙ্গভাবে পরিচালনার বিষয় বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের রুটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে আয় বাড়বে। সে ক্ষেত্রে আমরা বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি বিবেচনা করব।’ বিমান টিকিটের মূল্য নির্ধারণে অন্যান্য এয়ারলাইন্সের প্রচলিত পদ্ধতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি। অস্বাভাবিকভাবে বেশি অভ্যন্তরীণ বিমান ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে প্রকৃত বিমান ভাড়া প্রায় ৬ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে প্রায় ১৫ শতাংশ কর ও অন্যান্য প্রযোজ্য চার্জ যুক্ত হয়। ফ্লাইট ছাড়ার সময় ঘনিয়ে এলে টিকিটের মূল্য কারসাজি বা কালোবাজারি ঠেকাতেও সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। নির্ধারিত মূল্যে যাত্রীরা যাতে টিকিট কিনতে পারেন, তা নিশ্চিত করা হবে বলে সংসদে আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আপনাদের কখনো বেশি দামে এই টিকিট কিনতে হবে না। নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পারবেন।’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। আইও/ |