
|
‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’
প্রকাশ:
০৪ জুলাই, ২০২৬, ০৫:২২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। কিন্তু সেই আন্দোলনের অর্জনকে ব্যর্থ করতে এখনো নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শনিবার (৪ জুলাই) ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের আওতাধীন বিভিন্ন থানার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আবদুল কাইয়ূম এসব বলেন। আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘২৪-এর ৩৬ দিনব্যাপী ছাত্র-জনতার আন্দোলন-সংগ্রামে অসংখ্য মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল। তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, রক্ত দিয়েছে এবং জীবন উৎসর্গ করেছে। সেই আত্মত্যাগের চেতনাকে ব্যর্থ করার জন্য এখনও বিভিন্ন মহল সক্রিয় রয়েছে।’ ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির কারণে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকারি দল নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।’ তার দাবি, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে তার রাজনৈতিক পরিণতি নেতিবাচক হতে পারে। সভায় আরও ছিলেন দলের নগর সহ-সভাপতি আলতাফ হোসেন ও আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, সহ-দফতর সম্পাদক নাজিমুদ্দিন, কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিনসহ বিভিন্ন থানার নেতারা। আইও/ |