ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলা উদ্দিন। তিনি বলেছেন, ক্যাম্পাসে নিয়মিত গণতান্ত্রিক চর্চা না থাকলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতার বিকাশের সুযোগ তৈরি হয়।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডাকসু নির্বাচন নিয়ে সাইফ মোহাম্মদ আলা উদ্দিন বলেন, ডাকসুর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্ধারিত সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করে নিয়মিত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ প্রয়োজন। ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার সুযোগ না থাকলে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতার বিকাশ ঘটতে পারে।

ক্যাম্পাসের নিরাপত্তা ও বিচারহীনতার প্রসঙ্গ তুলে ইসলামী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, দেশে আইনের শাসনের ঘাটতি রয়েছে। খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে যথাযথ বিচার নিশ্চিত হয় না। এ ধরনের বিচারহীনতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে নতুন সংকট তৈরি হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আগামীর সুন্দর দেশ গঠনে ইসলামী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে দাবি করে সাইফ মোহাম্মদ আলা উদ্দিন বলেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গঠনে তারা কাজ করে যাবেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা দুপুর ২টার কিছু পর শাহবাগের শহীদ হাদি চত্বরে এ ছাত্র সমাবেশ শুরু হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মিনতাছির আহমাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আইও/